সাতক্ষীরা প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন। রবিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে দীর্ঘ এক মাস ধরে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডাঃ সোহানা সেলিমকে বরখাস্তের নির্দেশ দেন। এরপর তিনি হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুম এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।পরে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন।বেলা সাড়ে ১১ টায় স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় মেডিকেল অফিসার ডাঃ শাওলী নানজিবা তন্নিকে বরখাস্ত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের এসি চুরির ঘটনায় নাইট গার্ড মোস্তফা বিশ্বাসকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা কম। গত ১৭ বছরে স্বৈরশাসন চিকিৎসক নিয়োগে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি। ফলে স্বাস্থ্যসেবায় নানা সংকট তৈরি হয়েছে। তিনি আরো বলেন, চিকিৎসাসেবা আরো সহজলভ্য করতে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই ই-হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে, যা প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক কাউসার আজিজ, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদ্য নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ,জেলা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত-ই-খুদা,সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাতক্ষীরায় বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী।। দুই চিকিৎসকসহ বরখাস্ত
৫
